সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ ফেনীর ফুলগাজী উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলীম মজুমদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ফটো অফিসার ফেনী ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
এই সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বশর মজুমদার তপন, ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম, আমজাদহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মীর হোসেন মীরু, জিএমহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন রতন, ফুলগাজী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সালেহ আহম্মদ মিন্টু প্রমুখ। এসময় জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন- উন্নয়নের মার্কা নৌকার বিজয় নিশ্চিত করে এই দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হবে। এক সময় ফুলগাজী ও পরশুরাম ছিল অবহেলিত জনপদ। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই অবহেলিত জনপদের উন্নয়নের জন্য দেশকে স্বাধীন করেছিলেন। কিন্তু ঘাতকরা বঙ্গবন্ধুকে নির্মমভাবে সপরিবারে হত্যা করে,দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করে। পরবর্তীতে তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধি পথে এগিয়ে নিয়ে আজ বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। আমি ব্যক্তিগত ভাবে নিজ এলাকার উন্নয়নের জন্য নিবেদিত ভাবে কাজ করেছি। যখনই সুযোগ পেয়েছি গ্রামীণ জনপদের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও অবকাঠামো উন্নয়ন করেছি। আমার এলাকার মানুষের দুঃখ বুঝবার জন্য প্রথমে গ্রামে গ্রামে গিয়ে কথা বলতেছি। কাজ করতে হলে যোগ্যতা, আন্তরিকতা ও ক্ষমতা লাগবে। আপনারা যদি বলেন তাহলে আমি প্রধানমন্ত্রীর কাছে নমিনেশন চাইবো। আমার এলাকার মানুষ চাইলে আমি নির্বাচন করবো আপনাদের কামলা হয়ে আপনাদের পাশে থাকতে চাই। আমি শান্তি চাই, এলাকার সেবা করতে চাই। এমপি হতে গিয়ে রক্তপাত ঝরবে এটি আমি চাই না।