বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৩টি কসমেটিক দোকানে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অদ্য সোমবার (৫ ফেব্রুয়ারী) বেলা ১১টায় উপজেলা শহরের নিউ শেরশাহ মার্কেটে এই যৌথ অভিযান পরিচালিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিমের নেতৃত্বে ওই অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখার আলম রেজভী।
জানতে চাইলে ভূমি কর্মকর্তা এসএম রেজাউল করিম বলেন, মোড়কবিহীন নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী বিক্রির দায়ে ৩টি কসমেটিক ব্যাবসা প্রতিষ্ঠানে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অভিযুক্ত দোকান মালিকেরা অঙ্গীকার করেছেন, আগামী ১০ দিনের মধ্যে ওই সব মোড়কবিহীন নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনীগুলো সরিয়ে ফেলবেন।
তিনি আরও বলেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে শেরপুর থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন বলে তিনি জানান।