বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিন দিনব্যাপী একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার (২১ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩টায় শেরপুর সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই বই মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন জিহাদীর সভাপতিত্বে বই মেলার উদ্বোধন করেন নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মজিবর রহমান মজনু। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হয়ে বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর- ধুনট সার্কেল) সজিব শাহরীন ও শেরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জামাল সিরাজী।
মেলা চলাকালে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ভাষার ওপর আলোচনা, কবিতা আবৃত্তি ও গান পরিবেশন চলছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মেলা চত্বরে ১৬ টি স্টলে পাঞ্জেরী ও ধানসিড়ি প্রকাশনীসহ তিনটি শিক্ষা প্রতিষ্ঠান, তিনটি বই বিক্রেতার দোকান, দুইটি সাহিত্য সংগঠন ও একটি পাঠাগারসহ মোট ১৬ টি স্টলে বিভিন্ন লেখকের বই প্রদর্শন করা হয়। স্টলগুলোতে শিশুদের বইসহ ভাষা আন্দোলনের ইতিহাস, মুক্তিযুদ্ধের উপরে লেখা বই, বিভিন্ন লেখকের উপন্যাস, চাকরির বই প্রদর্শন করা হবে।
মেলা চত্বরে স্টল সাজিয়ে বসা পাঞ্জেরী প্রকাশনীর শেরপুর প্রতিনিধি তারিকুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে এই প্রথম বগুড়ার শেরপুরে একুশে বইমেলার আয়োজন করা হয়েছে। মেলার প্রথম দিনেই শেরপুর শহরের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীদের মেলায় সমাগম ঘটেছে। শুরু হয়েছে বিভিন্ন লেখকের বই বিক্রি।
মেলায় স্টল সাজিয়ে বসেছেন স্থানীয় বই বিক্রেতার গোলাম রব্বানী। তিনি বলেন, মেলায় শিশুদের বইসহ ভাষা আন্দোলনের ইতিহাস, মুক্তিযুদ্ধের উপরে বিভিন্ন লেখকের লেখা বই, বিভিন্ন লেখকের উপন্যাস স্টল গুলোতে স্থান পেয়েছে।