লঙ্কান ক্রিকেট বোর্ডের কোয়ারেন্টাইনের ‘অস্বাভাবিক’ শর্ত মেনে শ্রীলঙ্কা সফর সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান। গতকাল মিরপুরে বিসিবি কার্যালয়ে এক বৈঠক শেষে এ কথা জানান তিনি।
‘কতগুলো জিনিস একেবারেই নতুন। যেমন অন্যান্য দেশে সাত দিনের কোয়ারেন্টাইন হচ্ছে। কিন্তু অনুশীলন করতে পারছে। তারা তাদের মতো করে অনুশীলন করছে। কোনো জায়গায় তিন দিন পরই অনুশীলন করতে পারছে। জিমনেশিয়াম ব্যবহার করতে পারছে। কিন্তু কালকে (রবিবার) যেটা পেলাম তাতে মনে হচ্ছে কেউ ১৪ দিন হোটেলের রুম থেকে বের হতে পারবে না। খাওয়ার জন্যও বের হতে পারবে না’ বলছিলেন নাজমুল হাসান।
এসএলসি রবিবারই বিসিবিকে এক স্বাস্থ্য নির্দেশিকা পাঠিয়েছিল। সেখানে করোনা-স্বাস্থ্যবিধির ব্যাপারে কোনো প্রকার ছাড় না দেওয়ার কথাই জানায় তারা। করোনা পরিস্থিতিতে শ্রীলঙ্কা সরকার সে দেশে ভ্রমণে যাওয়া বিদেশি নাগরিকদের যে শর্ত দিয়েছে তা থেকে সরে আসা সম্ভব নয় বলে জানিয়েছে এসএলসি। সে বিধি অনুযায়ী প্রত্যেককে ১৪ দিনের কোয়ারেন্টাইন কঠোরভাবে মেনে চলার কথা বলা হয়। দুই সপ্তাহের কোয়ারেন্টাইনের সময় অনুশীলন করারও সুযোগ রাখা হয়নি। এমনকি হোটেলে খেলোয়াড়রা নিজেদের কক্ষ থেকে বের হতে পারবে না, এমন শর্তও আছে। বিসিবি এটি মানতে নারাজ। এমন বিতর্কের মধ্যেই বিসিবি সভাপতি বাংলাদেশের অবস্থানটা পরিষ্কার করলেন। তিনি বলেছেন, শ্রীলঙ্কা বোর্ডের শর্ত মেনে বাংলাদেশের পক্ষে এই সফরে যাওয়া সম্ভব নয়।
পরিস্থিতির ব্যাখ্যা করে নাজমুল হাসান জানান, ‘শেষ যখন আপনাদের সঙ্গে কথা বলেছিলাম, বলেছিলাম ওই সময়ে শ্রীলঙ্কা সফর নিরাপদ। এটা ভাবার পেছনে কারণ ছিল ওদের করোনা রোগীর সংখ্যা কম ছিল। ওদের ওখানে ওরা ঘরোয়া ক্রিকেট শুরু করে দিয়েছে। আপনি যদি দেখেন অন্যান্য দেশে যখন খেলা বন্ধ হয়ে গিয়েছিল ওদের ওখানে খেলা চালু ছিল।’ তিনি বলেন, ‘যেহেতু আমাদের এখানে অনুশীলন, খেলাধুলা বন্ধ করে রেখেছি। এখানে অনুশীলন করা কঠিন। খেলোয়াড় কোচ সবার কথা চিন্তা করে ওদের ওখানে গিয়ে অনুশীলন করা নিরাপদ হবে। তারই পরিপ্রেক্ষিতে আমরা সিরিজটির জন্য রাজি হয়েছিলাম এবং আমরা বলেছিলাম ওখানে যাব এবং বিশাল বাহিনী নিয়ে যাব।’
২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় গিয়ে নিজেদের মধ্যে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলে ২৩ অক্টোবর থেকে তিন টেস্টের সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। এখন সফরটি শেষ পর্যন্ত যদি নাই হয়, তাহলে এই সময়টায় দেশে ঘরোয়া ক্রিকেট চালু করা হবে বলে জানিয়েছেন বোর্ডপ্রধান।







