দেশ পরিচালনায় সকল ক্ষেত্রে ব্যর্থ হয়ে আওয়ামী সরকার ফ্যাসিবাদী আচরণের আশ্রয় নিয়ে দেশকে ভয়াবহ নৈরাজ্যের মধ্যে নিপতিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘সম্পূর্ণ জোর-জবরদস্তিমূলকভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী বর্তমান আওয়ামী সরকার মানুষের ভোটের অধিকারকে ধূলিসাৎ এবং গণতান্ত্রিক অধিকারকে ধ্বংসের মাধ্যমে সমগ্র দেশটাকে কারাগারে পরিণত করেছে।’
বৃহস্পতিবার দুপুরে বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
ফেনীর সোনাগাজী উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জসিম উদ্দিনকে ‘বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায়’ গ্রেপ্তার করে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফখরুল এ বিবৃতি দেন।

তিনি বলেন, ‘বিরামহীনভাবে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদেরকে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনি তৈরি করে মামলা দায়ের করা হচ্ছে, কারান্তরীণ করা হচ্ছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় ছাত্রদল নেতা জসিমকে গ্রেপ্তার ও কারাগারে প্রেরণ বর্তমান জনবিচ্ছিন্ন সরকার কর্তৃক সংঘটিত অপকর্মগুলোরই ধারাবাহিকতা।’
তিনি বলেন, ‘বর্তমান সরকারের সকল অপকর্ম ও দুঃশাসন রুখে দিতে জনগণ এখন আরও বেশি ঐক্যবদ্ধ।’
অবিলম্বে জসিমের বিরুদ্ধে দায়েরকৃত ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান ফখরুল।