নির্বাচনে জিতে গেলে শীর্ষস্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচিকে বরখাস্ত করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সম্মানিত এই ব্যক্তিকে কিছুদিন আগে ‘আহাম্মক’ বলেছিলেন তিনি।
নির্বাচনের একদিন আগে মধ্যরাতের প্রচারণার সময় ট্রাম্প ভক্তরা ‘ফাউচিকে হটাও’ বলে স্লোগান দিতে থাকেন। এ সময় ট্রাম্প বলেন, ‘কাউকে বলার দরকার নেই। নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আপনাদের এই পরামর্শের প্রশংসা করছি আমি।’
পরে ট্রাম্প বলেন, ‘ফাউচি ভালো মানুষ হলেও অনেক ভুল করেছেন। ‘
১৯৮৪ সাল থেকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেক্সশাস ডিজিজেস এর পরিচালক হিসেবে দায়িত্বপালন করা ফাউচি কিছুদিন আগে বলেন, ট্রাম্প করোনায় আক্রান্ত হওয়ায় তিনি এতটুকু অবাক হননি। হোয়াইট হাউজে করোনা ছড়ানোর ইভেন্ট হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
করোনা মহামারীর শুরুর দিকে ট্রাম্প ও ফাউচি সমন্বয়ের ভিত্তিতে কাজ করছেন বলে মনে হলেও ধীরে ধরে তাদের সম্পর্কের অবনতি হতে থাকে। ফাউচি এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, তিনি আর প্রেসিডেন্টের হয়ে ব্রিফ করেন না। তার জায়গায় এখন ডা. স্কট অ্যাটলাস ব্রিফ করেন।
সম্প্রতি ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে করোনা মহামারী মোকাবিলায় ডা. অ্যাটলাসসহ ট্রাম্প প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন ফাউচি।
অক্টোবরের শেষ দিকে একবার ট্রাম্প বলেন, ‘লোকজন ফাউচি ও এই সব আহাম্মকদের কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছে।’