কিছু সরকারি কর্মকর্তা ‘কাণ্ডজ্ঞানহীন’ বক্তব্য দিচ্ছে : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের/দৈনিক প্রথম সময়
অনলাইন ডেস্ক
প্রকাশ :
শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
কিছু দায়িত্বশীল রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তা ‘কাণ্ডজ্ঞানহীন’ বক্তব্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, শুধু কোন কোন রাজনীতিবীদই নন, জনপ্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেউ কেউ সভা সেমিনারে তাদের দায়িত্বের সীমারেখা অতিক্রম করে বক্তব্য রাখছেন, মন্তব্য করেছেন, যা মোটেই শোভনীয় নয়।
শুক্রবার (১২ নভেম্বর) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
রাজনীতিবিদ কিংবা সরকারি কর্মকর্তা সবারই একটি সুনির্দিষ্ট সীমারেখা আছে, আচরণবিধি আছে উল্লেখ করে আওয়ামী লীগের অন্যতম শীর্ষ এই নেতা বলেন, ‘সকলের এ সীমারেখা মেনে চলা অতি আবশ্যক। কোনও দায়িত্বশীল ব্যক্তি; তিনি রাজনীতি কিংবা প্রশাসনের যেই-ই হোন, দায়িত্বহীন বক্তব্য সমীচীন নয়।’
ওবায়দুল কাদের, ৬৫ থেকে ৭০ শতাংশ ভোটারের উপস্থিতিতে স্বতঃস্ফূর্ত এবং উৎসবমুখর পরিবেশে গতকাল অনুষ্ঠিত দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্নস্থানে কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে, অনেকে আহত হয়েছে।
পরবর্তী ধাপের নির্বাচনে যাতে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের অনুকূল পরিবেশ ধরে রাখার জন্য নির্বাচন কমিশন ও আইনপ্রয়োগকারী সংস্থাসমূহকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
নিজস্ব পরিমণ্ডল বিবেচনা করে রাজনীতিবীদ কিংবা সরকারি কর্মকর্তাদের বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের কারও কারও অতি-উৎসাহি এবং বাড়তি কথা বা বক্তব্যে জনমনে ভুল মেসেজ যেতে পারে, যা দেশের জন্য মোটেই শুভ নয়।
শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অন্ধ সমালোচনা করা বিএনপির এখন প্রতিদিনের রাজনৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, জনগণ ও দেশের জন্য তারা কিছু করতে না পারলেও মিথ্যাচার আর অপপ্রচারের কাজটি সুনিপুণ ভাবে করে যাচ্ছেন।
তিনি বলেন, চূড়ান্ত বিচারে এসব অপপ্রচার বিএনপির বিরুদ্ধেই যাবে এবং যাচ্ছে, যা তারা এখনও বুঝতে পারছে না। এসব সত্য বিএনপি যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই তাদের জন্য মঙ্গল।
বিএনপি মহাসচিব সেই পুরনো ভাঙা রেকর্ড বাজাচ্ছেন আর বলছেন বিচারব্যবস্থা না কি দলীয়করণ করা হয়েছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, এসব অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের সমালোচনার এসব পুরনো হাতিয়ার এখন ভোঁতা হয়ে গেছে। এসব বিএনপির ধারাবাহিক কল্পিত অভিযোগের চর্বিত-চর্বণ মাত্র।
দেশের বিচারবিভাগ স্বাধীনভাবেই কাজ করছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বিচারের রায় বিএনপির পক্ষে গেলে বলে বিচার বিভাগ স্বাধীন আর বিপক্ষে গেলে, বলে সরকারের হস্তক্ষেপের অভিযোগ তোলা তাদের পুরনো অভ্যাস। তিনি বলেন বিএনপির নীতি হচ্ছে, বিচার মানি কিন্তু তালগাছ আমার।
বিএনপি নির্বাচনে জয়ী হলে বলে আরও বেশি ভোটে জয়ী হতে পারত, আর হারলে বলে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির কাছে নিরপেক্ষ কমিশন মানে হচ্ছে নির্বাচনে জয়লাভের গ্যারান্টি প্রদান।