ফেনীর পরশুরামে একই স্থানে একই সময়ে বিএনপি ও আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। এ জন্য আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরশুরাম বাজারের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা শমসাদ বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
এ চিঠিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরশুরাম স্টেশন রোডস্থ পরশুরাম উপজেলা বিএনপির অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করে বিএনপি।
অপরদিকে একই সময় বিএনপির কর্মসূচি চলাকালীন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পরশুরাম বাজারসহ আশপাশের এলাকায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করে। দুপক্ষের পাল্টাপাল্টি এ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অবহিতের আলোকে এ আদেশ জারি করা হয়।
এ জারি মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফৌজদারি কার্যবিধির এ ধারা বহাল থাকবে।
এ ব্যাপারে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে উপজেলা বিএনপি আজ সকাল ৯টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে।
আমাদের এ উপজেলা বিএনপির কর্মসূচিতে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।
অপরদিকে একই সময়ে একই স্থানে বাজারের স্টেশন রোডে উপজেলা ছাত্রলীগ কর্মসূচি ঘোষণা করেছে। এ উপজেলার একাধিক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মী জানান,মঙ্গলবার সকাল ৯টায় পরশুরাম বাজার স্টেশন রোডে
বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে আমরা
একই সময় একই স্থানে আজ মঙ্গলবার সকাল ৯টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে স্থানীয়রা বলছে, সোমবার (২২ আগস্ট) সন্ধ্যার পর থেকে উপজেলা ছাত্রলীগের নেতারা বাজারে মহড়া দিয়েছে। রাত ৯টার পর থেকে পরশুরাম বাজারের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে একই স্থানে উপজেলা বিএনপি ও ছাত্রলীগ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। ১৪৪ ধারা জারি করার পরপরই পুলিশি টহল জোরদার করা হয়েছে।