বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার পতন মানে ক্ষমতা। টেক ব্যাক বাংলাদেশ মানে আবারও হাওয়া ভবন, আবারও ধ্বংসলীলা, আবারও জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা। সরকার পতন দিবাস্বপ্ন ছাড়া কিছুই নয়।
শনিবার (২৭ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপির এখন একটাই লক্ষ্য সরকার পতন। তারা দেশের জনগণকে নিয়ে ভাবে না। তাদের লক্ষ্য হলো ক্ষমতা।
জাতীয় কবি নজরুলের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, যৌবনের কবি, প্রেমের কবি, বিদ্রোহের কবি- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি।
তিনি বলেন, আজকে আমরা জাতীয় কবিকে বেশি করে মনে করব। তার অসাম্প্রদায়িক, মানবতার পক্ষে যে লড়াই ছিল, তা বঙ্গবন্ধুর সময় থেকে শুরু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করে যাচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে, দেশে আজকে অসাম্প্রদায়িকতার কথা বলে সাম্প্রদায়িকতার বড় পৃষ্ঠপোষকেরা।
এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।