বগুড়া শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে আম্বইল গ্রামে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী ও স্থানীয় মুসলমান অধিবাসীদের মধ্যে জমিজমা নিয়ে চলমান বিবাদ নিরসনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি ) শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরশহরের উলিপুরোস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে বেলা ১১টার দিকে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা সুলতানার সভাপতিত্বে ও সায়েদুর রহমান (ইউআরসি) এর সঞ্চালনায় সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু। আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক বগুড়া মাসুম আলী বেগ , অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অপরাধ) বগুড়া আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরীন, শেরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, শেরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার, বগুড়া জজ কোর্টের আইনজীবী এড আবুল কালাম আজাদ, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান প্রমূখ।
বক্তারা বলেন, চলমান বিবাদ নিরসনে প্রত্যেকের আন্তরিক এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এই এলাকায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সবার সহযোগিতা চাই। সৃষ্ট বিবাদ শান্তিপূর্ণ নিরসনে একটি কমিটি গঠন করা হবে। সেই কমিটিতে দুই পক্ষ থেকে ৫ জন করে প্রতিনিধি নেওয়া হবে এবং বিজ্ঞ আইনজীবী থাকবে। তাদের সহযোগিতা নিয়ে, উভয় পক্ষের জমিজমা সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে চলমান বিবাদ শান্তিপূর্ণ নিরসন হবে বলে বক্তারা আশাবাদ ব্যাক্ত করেন।
সেই পযর্ন্ত সবাই আগের মত শান্তিপূর্ণ সহবস্থানে বসবাস ও কোনক্রমে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সুশীল সমাজ, বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ মানুষ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী।