‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে হস্তান্তর করা হলো ১৭১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে নতুন ঘর।
বুধবার বেলা ১২ টায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে এক যোগে আশ্রয়ন- ২ প্রকল্পের চতুর্থ পর্যায়ের ঘর হস্তান্তরের উদ্বোধন করেন। এর মাধ্যমেই ঘরগুলি বরাদ্দ প্রাপ্তদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপহারের ঘর পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সুবিধা ভোগীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চতুর্থ পর্যায়ে শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নে ২৬ টি, গাড়িদহ ইউনিয়নে ৪টি, খামারকান্দি ইউনিয়নে ৮টি, মির্জাপুর ও শাহবন্দেগী ইউনিয়নে ৩০ টি, বিশালপুর ইউনিয়নে ৮২ টি, ভবানীপুর ইউনিয়নে ৪টি ও সুঘাট ইউনিয়নে ১৭ টি ঘর নির্মাণ করা হয়েছে।
বিশালপুর ইউনিয়নের ছফুরা খাতুন বলেন, “স্বামীর মারা যাওয়ার পর মেয়েকে নিয়ে ভাইয়ের বাড়িতে থাকতাম। আমার নিজের কোন আশ্রয় ছিল না। আজ নিজের বাড়ি পেয়ে নিজকে ধন্য মনে করছি।“
শেরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ঘর হস্তান্তরের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা সুলতানা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) লিয়াকত হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শামসুন্নাহার শিউলিসহ উপজেলার ১০ টি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।