ঈদুল আযহাকে সামনে রেখে যানজট ও যেকোন প্রকারের অপ্রীতিকর ঘটনা এড়াতে বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন বগুড়া জেলার প্রশাসক সাইফুল ইসলাম। বৃহস্পতিবার (১৫জুন) ঢাকা বগুড়া মহাসড়ক পরিদর্শনকালে শেরপুর ধুনট মোড়ে তিনি এ কথা বলেন। এসময় তিনি মহাসড়ক যানজটমুক্ত রাখার ঘোষণা দেন।
আসন্ন ঈদ উল আযহা উপলক্ষ্যে একদিকে ঘরমুখী মানুষ অন্যদিকে কোরবানীর পশুসরবরাহের জন্য মহাসড়কে যানবহনের চাপ বেড়ে যাবে। এসময় হাইওয়ে পুলিশের বিশেষ টিম সার্বক্ষণিক কাজ করবে। এছাড়াও মহাসড়কে মোবাইল কোর্ট চলমান থাকবে। তাই তিনি চালক ও যাত্রী সবাইকে ট্রাফিক আইন মেনে চলার জন্য আহবান জানান।
তিনি বলেন, কোন অবস্থাতেই মহাসড়কের চলাচল বিঘ্নিত করে পশু বা পশুর চামড়ার হাট বসানো যাবে না। এবিষয়ে বিশেষ নজরদারির জন্য স্থানীয় মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।
মহাসড়ক পরিদর্শনকালে বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা, অতিরিক্ত পুলিশ সুপার সজিব শাহরিন, শেরপুর থানার ওসি বাবু কুমার সাহা, পুলিশ পরিদর্শক (তদন্ত) আজমগীর হোসাইন, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মুন্সী, উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক প্রমূখ ও বিভিন্ন মিডিয়ার গণমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।