ফেনীর দাগনভূঁইয়া উপজেলার রাজাপুর ইউনিয়নে সাড়ে ৯ বছর বয়সী কন্যা সন্তানকে পানিতে ডুবিয়ে হত্যা করেছে টিপু (৩৭) নামে এক পাষণ্ড পিতা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। রোববার ২৫ জুন জেলার দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের জয় নারায়ন পুর গ্রামের নিজ বাড়ি থেকে ওই পাষণ্ড পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ ।সে ওই বাড়ির কবির আহমদের ছেলে ও পেশায় টমটম চালক। নিহত শিশুটির নাম জান্নাতুল আরাফা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ৯ বছর আগে টিপু ও নিহত আরাফার মা রুমানা আক্তারের বিবাহ বিচ্ছেদ হয়। তখন তাদের একমাত্র সন্তান আরাফার বয়স ছিল ৬ মাস। পরবর্তীতে মাঝে মধ্যে সে পিতার বাড়িতে আসতে শুরু করে। এর মধ্যে মেয়ের ভরণ পোষণের জন্যও চাপ সৃষ্টি করে আরাফার মা। এর মাঝে টিপু নতুন বিয়ে করে সংসার শুরু করেন। ওই সংসারেও ৬ বছর ও ৩ মাসের দুইটি কন্যা সন্তান রয়েছে তার। টিপুর দাবি, নতুন সংসারের স্ত্রী সন্তানের পাশাপাশি আরাফার খরচ বহনের বাড়তি চাপে পড়েন সে। এ চাপ থেকে বাঁচতে গত ১৮ জুন আরাফা আবারও পিতার বাড়িতে এলে টিপু ওই দিন দুপুর ৩টার দিকে তাকে গোসল করানোর কথা বলে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যা করে।
দাগনভূঞা থানার ওসি হাসান ইমাম বলেন, ওইদিন পুকুর থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করেছিল পুলিশ। পরে আরাফার মা ও নানার সন্দেহ এবং পুলিশের তদন্তে এ ঘটনা উঠে এলে নিহতের মা রুমানা আক্তার বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। এরপর টিপুকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলে সম্পূর্ন্ন ঘটনা সে স্বীকার করে।