ফেনী শহরে রোজিনা আক্তার (৪৫) নামের এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ১১ আগস্ট দিবাগত রাত ২টার দিকে ফেনী শহরের একাডেমি রোডের সরকার ভবনের নিচতলা থেকে লাশটি উদ্ধার করেছে ফেনী মডেল থানার পুলিশ। ফেনী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
রোজিনা ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা বেলাল হোসেনের স্ত্রী। বেলালের সঙ্গে দ্বিতীয় সংসার করে ফেনী শহরের ওই বাসা ভাড়া নিয়ে তিনি বসবাস করে আসছিলেন। রোজিনার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার বালিয়াকান্দি গ্রামে। তিনি ওই এলাকার বাচ্চু মিয়ার মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বুধবার থেকে রোজিনাকে মোবাইলে না পেয়ে আত্মীয় স্বজনারা দুশ্চিন্তায় পড়ে যায়। আত্বীয় স্বজনরা তাকে না পেয়ে ভাড়া বাসায় এসে দেখে বাসার দরজায় তালা আটকানো। এক পর্যায়ে শুক্রবার রাতে রোজিনার জামাতা অতিরিক্ত চাবি জোগাড় করে তালা খুলে ভেতরে শাশুড়ির লাশ দেখতে পান। পরে ফেনী মডেল থানায় জানানো হলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার পর থেকে রোজিনার স্বামী বেলাল হোসেন পলাতক রয়েছেন। এটি হত্যা নাকি আত্মহত্যা এখনও কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় আইনগত ব্যবস্হা নেয়া বলে জানান ।