ফেনী জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর নিকট লিখিত আবেদন করেছেন প্রবীণ বিএনপি নেতা এডভোকেট সফিকুর রহমান।
সম্প্রতি দেশের ৪২টি জেলা পরিষদে সরকার নতুন প্রশাসক নিয়োগ দেয়ার পর তিনি এ আবেদন করেছেন।
গতকাল ২৫ মার্চ বুধবার বিকালে এডভোকেট সফিকুর রহমান এ তথ্য জানান।
লিখিত আবেদন সূত্রে জানা গেছে, এডভোকেট সফিকুর রহমান ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের মরহুম হাজী বাদশা মিয়া মজুমদারের পুত্র।
রাজনৈতিক জীবনে তিনি ১৯৭৮ থেকে ১৯৮১ সাল পর্যন্ত রাধানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত এবং ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত ছাগলনাইয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ফেনী জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
চট্টগ্রাম ল কলেজ থেকে ১৯৮৮ সালে এল.এল.বি পাশ করে তিনি ফেনী দেওয়ানি ও ফৌজদারি আদালতে আইন পেশায় নিয়োজিত হন। ২০০১ সাল থেকে সাড়ে ৫বছর ফেনীর আদালতে সরকারি কৌঁসুলি (জিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। আইন পেশায় নিয়োজিত হওয়ার পর ফেনী জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এবং আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
পারিবারিক জীবনে এডভোকেট সফিকুর রহমান ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়িতে বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার চাচা জামশেদ মজুমদারের ছোট মেয়ে খোদেজা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনসহ সকল আন্দোলন সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এডভোকেট সফিকুর রহমান বলেন, বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বরাবর আমি ফেনী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার জন্য এই আবেদন করেছি।