দেশব্যাপী ধাপে ধাপে অনুষ্ঠিত হতে চলেছে পৌরসভার সাধারণ নির্বাচন। এর অংশ হিসাবে আগামী (১৬ জানুয়ারি ২০২১) অনুষ্ঠিত হবে বগুড়ার শেরপুর পৌর নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা, এরই ধারাবাহিকতায় প্রতিটি ওয়ার্ড এবং ওয়ার্ডের মহল্লা মহল্লায় রয়েছে প্রার্থীদের নির্বাচনী প্রচার অফিস। গতকাল শুক্রবার (৮ জানুয়ারি ) দিবাগত গভীর রাতের কোনো এক সময় আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তারের ৪টি নির্বাচনী প্রচার অফিসে অগ্নিসংযোগ সংযোগ করেছে দূর্বৃত্তরা। অদ্য (৯ জানুয়ারি )শনিবার সকাল ১০টার দিকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অগ্নিসংযোগ দেওয়া নির্বাচনী প্রচার অফিসগুলো পরিদর্শন করেন উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া। পরিদর্শন কালে উপস্থিত জনতা এবং গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, সকাল সাড়ে ৮ টার দিকে সংবাদ পাই, আমাদের ৪টি নির্বাচনী প্রচার অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে। এব্যাপারে আমাদের ব্যাক্তিগত অভিমত, নৌকা প্রতিকের জোয়ার দেখে প্রতিপক্ষরা নৌকার পক্ষের কর্মী সমর্থকদের আতঙ্কিত করে তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এবং ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে নৌকার বিজয়কে নস্যাৎ করার নীল নকশা তৈরী করেছে। আমরা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ শেরপুরের জনতা সেটা প্রতিহত করবে।
আপনারা আরও জানেন যে, গত ৪ তারিখে আমাদের একজন কর্মীকে মেরে তার চোয়াল ভেঙ্গে দিয়েছে। লক্ষাধিক টাকা খরচ করে অপারেশনের মাধ্যমে তার এক্সট্রা চোয়াল প্রতিস্থাপন করা হয়েছে। দুঃখজনক হলো আহত এই ছেলে একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমরা এব্যাপারে প্রশাসনের শক্ত হস্তক্ষেপ চাই এবং দূর্বত্তদের দৃষ্টান্ত মূলক শাস্তি কামনা করছি।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু গোবিন্দ কুমার বাগচী, আওয়ামীলীগ নেতা ফজলে ইমাম টুলু, শেরপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাঃ সম্পাদক এবং বগুড়া জেলা পরিষদের সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান ভুট্টু, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সোলায়মান আলী বাবু সহ অন্যান্য নেতা কর্মী।
এবিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অগ্নিসংযোগ দেওয়া নির্বাচনী প্রচার অফিসগুলো পরিদর্শন করেছি। অগ্নিসংযোগের সত্যতা পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনী ব্যাবস্থা গ্রহণ করা হবে।