সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে ফেনীতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ফেনী রিপোর্টার্স ইউনিটি। প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে ফেনীতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৩৫ জন সাংবাদিক।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সাজ্জাদ হোসেন মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
এর আগে, শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন পুলিশ সুপার জাকির হাসান।
প্রশিক্ষণের প্রথম দিনে সাংবাদিকতা ও সাংবাদিকদের দায়িত্ব ও গুণাবলী নিয়ে প্রশিক্ষণ দেন বিটিভি ফেনী প্রতিনিধি ও দৈনিক অজেয় বাংলার সম্পাদক শওকত মাহমুদ। এরপর সাংবাদিকতার নীতি নৈতিকতা ও সংশ্লিষ্ট আইন, প্রেস কাউন্সিল অ্যাক্ট, তথ্য অধিকার আইন ও ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সেশন পরিচালনা করেন ঢাকা ট্রিবিউনের সিনিয়র এক্সিউটিভ মিজানুর রহমান মাসুদ। প্রথম দিনের শেষ সেশনে সংবাদ কী ও সংবাদের উপাদান ও মূল্য নিয়ে আলোচনা করেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি আবু নাছের মঞ্জু।
সমাপনী দিনে সংবাদ উৎস, তথ্য সংগ্রহ ও যাচাই, বিভিন্ন ধরনের রিপোর্ট ও রিপোর্ট কাঠামো, মাল্টিমিডিয়া সাংবাদিকতার বৈশিষ্ট্য ও প্রস্তুতি, ডিজিটাল যুগে সাংবাদিকতার সম্ভাবনা, চ্যালেঞ্জ ও প্রস্তুতি নিয়ে সেশন পরিচালনা করেন চ্যানেল আইয়ের সিনিয়র বার্তা সম্পাদক মীর মাসরুর জামান। ফিচার ও মানবিক আবেদনমূলক প্রতিবেদন নিয়ে সেশন পরিচালনা করেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি আবু নাছের মঞ্জু ও সমষ্টির গবেষণা পরিচালক রেজাউল হক।