বগুড়ার শেরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিএসটিআই এর অনুমোদনবিহীন একটি আইস-ললি তৈরির কারখানায় অভিযান চালিয়ে ১৪৯৭৬ পিচ আইস-ললি ধ্বংস এবং ওই কারখানার মালিককে ১০ হাজার টাকা নগদ অর্থদণ্ড করা হয়েছে।
সোমবার (২ অক্টোবর) দুপুর দুইটার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাঁপুনিয়া মাঠপাড়া গ্রামের রেজাউল খানের বাড়িতে এই অভিযান পরিচালিত হয়।
এই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম।
এ সময় বিএসটিআই বগুড়া কার্যালয়ের ফিল্ড অফিসার মেসবাহ- উল হাসান ও পরিদর্শক শাহ আলম পলাশ খাঁনসহ শেরপুর থানা পুলিশ উপস্থিত ছিলেন।
জানা গেছে, হাঁপুনিয়া মঠপাড়া গ্রামের রেজাউল খানের বাসা একই এলাকার মোঃ লিটন ভাড়া নিয়ে সেখানে মেশিন স্থাপন করে গোপনে সেই মেশিনের মাধ্যমে আইস-ললি তৈরি করতো। তৈরিকৃত সামগ্রীর মধ্যে ছিল পিওর হাই স্পোর্টস, পিওর ম্যাংগো ও রোবো ড্রিংকস। যেগুলো কমলমতি শিশুরা খেয়ে থাকে।
ওই কারখানায় তৈরিকৃত এসব সামগ্রীর বিএসটিআই এর কোনো অনুমোদন ছিল না।
জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম বলেন, ওই লিটনের অনুমোদন বিহীন আইসললি তৈরীর মেশিন জব্দ করা হয়েছে। এছাড়াও কারখানায় পাওয়া তৈরিকৃ ১৪ হাজার ৯৭৬ পিচ আইসললি ধ্বংস করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।