বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আবু বক্কর সিদ্দিক (৫৫) নামে ব্যাটারিচালিত ইজিবাইকের এক চালক নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ জানুয়ারী) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার স্থানীয় বাসষ্ট্যান্ড এলাকায় বিশ্বরোডর উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর সিদ্দিক উপজেলার বিশালপুর ইউনিয়নের বিশালপুর গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে বলে জানা গেছে।
এ ঘটনায় শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক ফরিদুজ্জামান বাদী হয়ে শেরপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, বিশ্বরোড সংলগ্ন বৈকালী দই মিষ্টি এন্ড জেনারেল ষ্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে পিছনের দিক থেকে আসা ঢাকাগামী দ্রুত গতির একটি বাস সজোরে ধাক্কা ধাক্কা দিলে ব্যাটারী চালিত ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। এতে করে ইজিবাইক চালক মাথায় গুরুতর আঘাতসহ ক্ষত-বিক্ষত হয়।এ সময় উপস্থিত জনতা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক ফরিদুজ্জামান বলেন, রাত্রিকালীন মোবাইল ডিউটি করাকালে জানতে পারি শেরপুর স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় একটি দুর্ঘটনা ঘটেছে। আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলিত ইজিবাইকটি উদ্ধার করে হাসপাতালে গিয়ে নিহতের সুরত হাল রিপোর্ট তৈরি করি।
নিহতের আত্মীয়-স্বজন যোগাযোগ না করায় শেরপুর থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে।