পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সাধারণ মানুষদের জন্য সরকার নির্ধারিত মূল্যে ৬৬৫ টাকায় গরুর মাংস বিক্রি শুরু করেছে ফেনী পৌরসভা। বৃহস্পতিবার ২১ মার্চ সকাল থেকে শহরের পিটিআই স্কুল মাঠে অস্থায়ী দোকানে এ কার্যক্রম পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এখান থেকে একজন ভোক্তা প্রতি কেজি ৬৬৫ টকায় সর্বোচ্চ তিন কেজি করে মাংস কিনতে পারবেন। প্রতি কেজিতে থাকবে ৮০০ গ্রাম মাংস ও ২০০ গ্রাম হাড়। ফেনী পৌরসভা সার্বিক তত্ত্বাবধানে ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর অর্থায়নে রমজান জুড়ে প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে মাংস বিক্রি।
এর আগে রোববার ১৭ মার্চ বাজারদর নিশ্চিতের লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বাজারে গরুর ক্রয়মূল্য বেশি দাবি করে সরকার নির্ধারিত দামে মাংস বিক্রি করতে অপারগতা প্রকাশ করেন তারা। পরে এমপির অর্থায়নে পৌরসভার উদ্যোগে পিটিআই স্কুল মাঠে মাংস বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম দিনেই মাংস কিনতে ভীড় করেন বিভিন্ন শ্রেণি প্রেশার মানুষ। স্বল্প দামে গরু মাংস কিনতে পেরে খুশি সাধারণ মানুষ। তারা বলছেন, এমন উদ্যোগ প্রশংসনীয়। এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অ. দা.) মোহাম্মদ কাওসার মিয়া বলেন, ফেনীর মতো গরুর মাংসের দাম এতো বেশি আর কোথাও নেই। স্থানীয় ভাবে ভোগ্য পণ্যের দাম বাড়ানো হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার লোভে বাজার অস্থিতিশীল করছে। সরকার নির্ধারিত দাম মেনে চললে বাজার নিয়ন্ত্রণে আসবে। এমন উদ্যোগ প্রশংসনীয়।
এমন আয়োজনের বিষয়ে ফেনী পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ফেনী- আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর নির্দেশনা অনুযায়ী ফেনী পিটিআই স্কুল মাঠে অস্থায়ী দোকান বসিয়ে সরকারের নির্ধারিত মূল্য ৬৬৫ টাকা দামে গরুর মাংস বিক্রি শুরু হয়েছে। রমজানের শেষ দিন পর্যন্ত চলবে এই মাংস বিক্রি কার্যক্রম। প্রথম দিনেই ৭ টি গরু জবেহ করা হয়েছে। এখানে ক্রেতাদের চাহিদার ওপর নির্ভর করে গরু জবাই হবে।তিনি আরো বলেন, বাজারে অসাধু বিক্রেতাদের সিন্ডিকেট ভাঙতে এবং মাংসের বাজারদর নিয়ন্ত্রণে রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মাংস বিক্রি সার্বিক তত্ত্বাবধান করবে ফেনী পৌরসভা। যার তত্ত্বাবধানে ছিল যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছে।