সড়ক দূ্র্গঘটনায় আহত এক অসহায় ব্যক্তির পাশে দাঁড়ালেন বগুড়ার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম । আহত ওই ব্যক্তি বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের ররোয়া গ্রামের মৃত মোজাদার শেখ এর ছেলে মোঃ শাহাদাত হোসেন শেখ (৩৩) বলে জানা গেছে।
সোমবার (১লা এপ্রিল) বিকাল ৫টায় জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের পক্ষে খাদ্য সহায়তা আহত ব্যক্তির নিকট পৌঁছে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম। এ সময় সীমাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গৌর দাস রায় চৌধুরী উপস্থিত ছিলেন।
জানাগেছে, সড়ক দুর্ঘটনায় আহত শাহাদাত হোসেন পেশায় পণ্য পরিবহন শ্রমিক। নানির দেওয়া চার শতক জমিতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তার সংসার।
গত কয়েকদিন আগে একটি সড়ক দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও তার বাঁ পায়ের পাতার হাড় ভেঙে যায়।
ফলে দুর্ঘটনার পর থেকে চলাচলে অক্ষম হওয়ায় কাজ করতে পারছিলেন না পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই ব্যক্তি।
এমতাবস্থায় একদিকে যেমন অর্থাভাবে চিকিৎসা করাতে পারছিলেন না, অন্যদিকে রোজগার বন্ধ হওয়ায় স্ত্রী সন্তান নিয়ে বিপাকে পরেন তিনি।
এমন পরিস্থিতিতে তিনি সাহায্যের জন্য জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম এর কাছে আবেদন করেন।
সেই হৃদয়বিদারক আবেদনের প্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে, শাহাদাত হোসেনের জন্য খাদ্য সহায়তা প্রেরণসহ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশনা প্রদান করেন তিনি।
জানতে চাইলে উপজেলা সহকরী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম বলেন, বগুড়া জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুল ইসলাম স্যারের নির্দেশনা অনুযায়ী সড়ক দুর্ঘটনায় আহত মোঃ শাহাদত হোসেন শেখ এর পরিবারের কাছে ইতোমধ্যে পর্যাপ্ত খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে।
এছাড়াও তার চিকিৎসার বিষয়েও সর্বোচ্চ সহযোগিতা প্রদান করার ব্যাপারে স্যারের নির্দেশনা রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার সাথে এ বিষয়ে কথা হয়েছে।