জাতীয় শিক্ষা সপ্তাহে ক্বেরাত প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম ও চট্টগ্রাম বিভাগের প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে পরশুরামের সুবার বাজার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র মো ইমরান হোসেন। সে সুবার বাজার হেফজ মাদ্রাসারও শিক্ষার্থী। তার বাড়ি মির্জানগর ইউনিয়নের মনিপুর গ্রামে। তার বাবা জয়নাল আবেদীন জনু সুবার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী।
শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে গত ২৯ এপ্রিল পরশুরাম কবি শামছুন নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত ক্বেরাত প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম স্থান ও ৬ মে ফেনী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত জেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ইমরান হোসেন। সেই সুবাদে চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায় ইমরান।
গত ১২ মে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্টগ্রামের কাজীম আলী স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়। সেখানে বিচারকগণ ক্বেরাত প্রতিযোগিতায় ইমরান হোসেনকে তৃতীয় ঘোষণা করেন। পরে আগ্রাবাদ শিক্ষা ভবনে অতিথিবৃন্দ বিজয়ী ইমরান হোসেনকে পুরস্কার ও সনদ প্রদান করেন
ক্বেরাত প্রতিযোগিতায় উপজেলা,জেলা ও বিভাগীয় পর্যায়ের সাফল্যে খুশি ইমরান হোসেন।সে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য পেতে চায়। তার শিক্ষক নুরুল আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলে,স্যার নিজে দায়িত্ব নিয়ে আমাকে এসব প্রতিযোগিতায় নিয়ে অংশগ্রহনে উৎসাহিত করেছেন।