বিশ্বের সবচেয়ে ছোট গরুর সন্ধান মিলেছে সাভারের আশুলিয়ায়। মাত্র ২০ ইঞ্চি উচ্চতা এবং ২৬ কেজি ওজনের বক্সার জাতের খর্বাকার এই ছোট গরুটির নাম রাখা হয়েছে রানী।
ইতিমধ্যে গরুটির মালিক ‘শিকড় এগ্রো লিমিটেড’ রানীকে বিশ্ব রেকর্ডে জায়গা করে দিতে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। তাদের পরীক্ষা নিরীক্ষায় উত্তীর্ণ হলে বিশ্বে ছোট গরুর রেকর্ডে ভারতকে পেছনে ফেলতে যাচ্ছে বাংলাদেশ।
শিকড় এগ্রো লিমিটেড এর ম্যানেজার এম এ হাসান হাওলাদার বলেন, প্রতিষ্ঠানটির মালিক ইন্টারনেট ঘেঁটে জানতে পেরেছেন এটিই পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট গরু। এটি এখন কোরবানির উপযুক্ত হলেও এই মুহূর্তে আমরা তাকে বিক্রির কথা ভাবছি না। ইতিমধ্যে এর দাম উঠেছে প্রায় ৬ লাখ টাকা।
রানীকে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ডভুক্ত করতে গত ২ জুলাই রাত ১২ টার পর আবেদন জানানো হয়েছে। আবেদনের পর গিনেস বুক কর্তৃপক্ষ জবাবে জানিয়েছে- তাদের নিজস্ব কিছু প্রক্রিয়া রয়েছে। প্রক্রিয়া সম্পন্ন করেই আগামী ৯০ দিনের মধ্যে পরবর্তী কার্যক্রমগুলো শেষ করে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে তারা।
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের সর্বশেষ তথ্য অনুযায়ী- এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ছোট গরুটি রয়েছে ভারতের কেরালা রাজ্যে। ৪ বছর বয়সী ওই গরুটি লাল রঙের। যেটির উচ্চতা ২৪ ইঞ্চি (২ ফুট)। আর ওজন ৪০ কেজি। গরুটির নাম ‘মানিকিয়াম’। ভারতের গরুটি ল্যাব্রাডার কুকুরের চেয়েও ছোট। দক্ষিণ ভারতের রাজ্য কেরালার আথোলিতে বাস মানিকিয়ামের। এর মালিক অক্ষয় এনভি নামের এক ব্যক্তি।
তবে সাভারের আশুলিয়ার চারিগ্রাম এলাকার সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের পাশে অবস্থিত শিকড় এগ্রো লিমিটেডের রানী ভারতের মানিকিয়াম এর চেয়েও ওজন ও উচ্চতা কম। ‘বক্সার ভূট্টি’ জাতের এই খর্বাকৃতির গরুটির বয়স এখন ২ বছর।
শিকড় এগ্রো লিমিডেট কর্তৃপক্ষ জানায়, প্রায় দুই বছর আগে নওগাঁর একটি খামার থেকে গরুটিকে সংগ্রহ করে সাভারে নিয়ে আসা হয়। এখন সাভারেই এটিকে লালন পালন করা হচ্ছে। গরুটিকে দিনে দুই বেলা খাবার দিতে হয়। সাধারণ গরুর তুলনায় এটির খাবারও অনেকটা কম লাগে।
সাভার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সাজেদুল ইসলাম জানান, গরুটির বিষয়ে আমরা শুরু থেকেই জানি। নিয়মিত খোঁজ খবরও নিচ্ছি। ভুট্টি জাতের গরুগুলো এমনিতেই ছোট সাইজের হয়ে থাকে। তবে এই গুরুটি ভুট্টি জাতের মধ্যেও ছোট সাইজের। গরুটি বর্তমানে পুরোপুরি সুস্থ রয়েছে এবং এর উচ্চতা ও ওজন বাড়ার সম্ভাবনা নেই।