দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৮৭ জনের জনের মৃত্যু হয়েছে। একই সময়ে তিন হাজার ৬৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে শনাক্তের হার ৩২.১৯ শতাংশ।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগের ২৪ ঘণ্টায় ১৭৩ জনের মৃত্যু হয়েছিল। সোমবার সর্বোচ্চ ২৩১ জনের মৃত্য হয়।
এ পর্যন্ত দেশে ১৮ হাজার ৬৮৫ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। মোট শনাক্ত হয়েছেন ১১ লাখ ৪০ হাজার ২০০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১১ হাজার ৪৮৬টি নমুনা পরীক্ষায় আরো তিন হাজার ৬৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ১৯ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮৭ জনের মধ্যে ১১৭ জন পুরুষ ও ৭০ জন নারী।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর খুলনা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ জন মারা গেছে। বরিশাল বিভাগে এ সময়ে ১১ জনের মৃত্যু হয়। এ ছাড়া, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে ১৫ জন, সিলেট বিভাগে চারজন ও ময়মনসিংহ বিভাগে পাঁচ জন মারা গেছেন।
আর তাদের মধ্যে দেশের সরকারি হাসপাতালে মারা গেছেন ১৫৭ জন, বেসরকারি হাসপাতালে ২৮ জন ও বাড়িতে মারা গেছেন দুই জন।
একই সময়ে দেশে সুস্থ হয়েছেন আট হাজার ৫৫৬ জন। মোট সুস্থ হয়েছেন নয় লাখ ৬৯ হাজার ৬১০ জন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৬ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক শূন্য চার শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৬৪ শতাংশ।