তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যখন মশাল মিছিল বের করে তখন জনগণ আতঙ্কিত হয় এই ভেবে যে, তারা আবার কিসে আগুন দেয়। কারণ তারা বাসে, গাড়িতে, মানুষের সম্পত্তিতে আগুন দেওয়ার, অগ্নিসন্ত্রাসের রাজনীতি করে। শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের বাসভবনে সাংবাদিকরা বিএনপির সাম্প্রতিক মশাল মিছিল নিয়ে প্রশ্ন করলে জবাবে তিনি একথা বলেন।
বিএনপি আন্দোলনের নানা ইস্যু খুঁজছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তারা ভেবেছিল খালেদা জিয়ার ইস্যুতে তাদের কর্মীদের মাঠে নামাতে পারবে। কিন্তু বাস্তবে কর্মীরা নামেনি। তারা খালেদা জিয়ার অসুস্থতাকে বাড়িয়ে বর্ণনা করেও যে ইস্যু তৈরির চেষ্টা করেছিল, সেটিও ঘটেনি। কারণ বেগম জিয়া এখানে ভাল চিকিৎসা পাচ্ছেন। আরো উন্নত চিকিৎসার জন্য যা প্রয়োজন, তার চিকিৎসকরা যেভাবে চায়, সরকার তা করতে বদ্ধপরিকর। কিন্তু বিএনপি খালেদা জিয়ার সুস্থতা চায় না। তারা চায় তিনি হাসপাতালে থাকুন। তাহলে তাদের রাজনীতি করতে সুবিধা হবে।
বিএনপি পরগাছার মতো আচরণ করছে উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, তারা কখনো ছাত্র আন্দোলন, কখনো গার্মেন্টস শ্রমিকদের ওপর ভর করে দেশে বিশৃঙ্খলার অপচেষ্টা করছে। খালেদা জিয়ার হাঁটুর ব্যথা। আর পেটের অসুখ দেশের স্বাস্থ্যব্যবস্থার সূচক নয়। করোনা মহামারি নিয়ন্ত্রণে বহু উন্নত দেশের তুলনায় আমাদের সক্ষমতা এর অন্যতম সূচক।
তিনি বলেন, করোনাকালীন সময় অনেক উন্নত দেশ সামাল দিতে পারেনি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামাল দিতে সক্ষম হয়েছে। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও চিকিৎসকরা ও স্বাস্থ্যব্যবস্থা কত ভাল কাজ করছে এ থেকেই তা প্রমাণিত।