গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ১৩ মার্চ দিন ধার্য করেছেন আদালত। আজ রোববার (২৩ জানুয়ারি) এ মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল।
এদিন খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকার কারণে আদালতে উপস্থিত হতে না পারায় সময়ের আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার তিন নম্বর বিশেষ আদালতের বিচারক আলী হোসেন সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের জন্য এ আদেশ প্রদান করেন।
জানা যায়, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী চারদলীয় জোট সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করেন। পরের বছর ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। মামলার ২৪ আসামির মধ্যে ছয়জন ইতোমধ্যে মারা গেছেন।
তারা হলেন- সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, আব্দুল মান্নান ভূঁইয়া, এম কে আনোয়ার, জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামী, চট্টগ্রাম বন্দরের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা আহমেদ আবুল কাশেম ও বিএনপি চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকো।