উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়ার শেরপুর মহাসড়কে ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মার্চ) সকাল ১০টায় শেরপুর উপজেলা স্বার্থরক্ষা পরিষদের উদ্যোগে স্থানীয় বাসষ্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা স্বার্থরক্ষা পরিষদের সভাপতি কে এম মাহবুবুর রহমান হারেজের সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্যে পৌর মেয়র আলহাজ্ব জানে আলম খোকা বলেন, আজ আমরা এখানে জমায়েত হয়েছি একটি বিশেষ কারণে। বেশ কিছুদিন আগে শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনুর উদ্যোগে একটি আলোচনা সভা হয়েছিল। সেই আলোচনা সভায় আমি এবং শেরপুরে সুধীজনসহ সাংবাদিক ও সাসেক কর্তৃপক্ষ ছিল। সাসেক কর্তৃপক্ষ আমাদের কথা শোনার পর উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে পৌরশহরের হাজিপুর মডেল মসজিদ হতে ধুনটমোড় পযর্ন্ত ফ্লাইওভার করবের বলে প্রতিশ্রুতি দেন। আমি শুনেছি ফ্লাইওভারের ডিজাইনসহ প্রাথমিক কাজ শেষ হয়েছে, এখন কোন অদৃশ্য ছোঁয়ায় ফ্লাইওভার হচ্ছেনা এটা সাসেক কর্তৃপক্ষের কাছে জানতে চাই। তিনি সাসেক কর্তৃপক্ষে হুসিয়ারী দিয়ে বলেন, হাজিপুর থেকে ধুনটমোড় পযর্ন্ত ফ্লাইওভার না হলে কাজ বন্ধ করে দিতে আমরা বাধ্য হবো। কারণ এই দাবি কোনো দলের নয়, এ দাবি শেরপুর উপজেলা বাসীর প্রাণের দাবি। উল্লেখ্য শেরপুর উপজেলা শহরের বুক চিরে বয়ে গেছে মহাসড়ক। যার পূর্ব পার্শ্বে গড়ে উঠেছে অনেকগুলো বাণিজ্যিক ভবন। এছাড়াও পৌরসভা এবং থানা। আর পশ্চিম পার্শ্বে হাসপাতাল, কেন্দ্রীয় জামে মসজিদ, উপজেলা পরিষদ, মডেল মসজিদ সরকারি কলেজসহ বিশালাকারের আবাসিক এলাকা। এমতাবস্থায় পৌরশহরের হাজিপুর মডেল মসজিদ হইতে ধুনটমোড় পযর্ন্ত ফ্লাইওভার না হলে এই শহরের সাধারণ মানুষের ভোকান্তি চরম আকার ধারণ করবে বলে মন্তব্য সব শ্রেণি পেশার জনসাধারণের । মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, বিশিষ্ট শিল্পপতি শফিকুল ইসলাম শিরু, মাহবুবুল আলম হিরু, মটর শ্রমিক সভাপতি আরিফুর রহমান মিলন, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান লিলু প্রমূখ। এসময় বিভিন্ন মার্কেটের মালিক ও ব্যাবসায়ীরা তাদের নিজ নিজ ব্যানার নিয়ে উপস্থিত ছিলেন।