সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুধু রাজনীতি থেকে নয়, জীবন থেকেও সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার রাজধানীর ডিআরইউতে ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি এই অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, সরকার চাইলেই খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে পারে। বিদেশে পাঠানোর আইনি সুযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি।
শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন দলের মহাসচিব।
এ সময় খালেদা জিয়াকে মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।