ঢাকা ও টাঙ্গাইল জেলার কাউন্সিলের দিনক্ষণ চূড়ান্ত করেছে বিএনপি। ঢাকা জেলার সম্মেলন রোববার এবং টাঙ্গাইল জেলা সম্মেলন মঙ্গলবার অনুষ্ঠিত হবে। শুক্রবার রাতে দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ।
তিনি বলেন, এ সম্মেলনের মাধ্যমে নতুন নেতা নির্বাচিত করা হবে। দুভাবেই নেতা নির্বাচন হতে পারে, সমঝোতার ভিত্তিতে অথবা কাউন্সিলরদের ভোটের মাধ্যমে। কাউন্সিলররা যেটা মনে করবে সেভাবে সিদ্ধান্ত হবে।
ঢাকা জেলা বিএনপির শীর্ষ পদ পেতে দীর্ঘদিন থেকে লবিং করছেন সভাপতি পদে বর্তমান সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক এবং সাধারণ সম্পাদক পদে তমিজ উদ্দিন, খোরশেদ আলম, নাজিম উদ্দিন (ভিপি নাজিম), ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন ফেরদৌস মুরাদ।
টাঙ্গাইল জেলার সভাপতি পদে প্রার্থীরা হলেন আলী ইমাম তপন, হাসানুল জামিল শাহীন ও সাইদুল হক। সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন মাহমুদুল হক শানু ও ফরহাদ ইকবাল।