সৌদি আরবের কাছে বড় অঙ্কের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। চুক্তির আওতায় সৌদিকে ৬৫ কোটি মার্কিন ডলার মূল্যের আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে ওয়াশিংটন। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর উপসাগরীয় এই দেশটির কাছে এবারই প্রথম বড় অঙ্কের অস্ত্র বিক্রির অনুমোদন দিল বাইডেন প্রশাসন।
স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন এই তথ্য সামনে এনেছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে পেন্টাগন জানায়, সৌদি আরবের বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। প্রস্তাবিত এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিমালার ও জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। কারণ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা বন্ধু দেশ সৌদি আরবের নিরাপত্তার উন্নতিতে এটি সহায়তা করবে।