আওয়ামী লীগের নেতাকর্মীদের সাবধান থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতায় যেতে পারলে দেশসুদ্ধ গিলে ফেলবে।
শনিবার (২৯ অক্টোবর) আগারগাঁও বাণিজ্য মেলার পুরোনো মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ মন্তব্য করেন।
তিনি বলেন, বৈশ্বিক সংকটে রিজার্ভ ৩৬ বিলিয়নে নেমে এসেছে। কিন্তু বিএনপির সময় রিজার্ভ ছিল ৪ বিলিয়ন। রিজার্ভ বিএনপি খেয়ে ফেলেছিল। বিএনপি এদেশের অর্থনীতি গিলে খেয়েছে। এদেশের মুক্তিযুদ্ধের মূল্যবোধ গিলে খেয়েছে। এদেশের স্বাধীনতার আদর্শ গিলে ফেলেছে। এবার যদি ক্ষমতায় যেতে পারে, বিএনপি দেশসুদ্ধ গিলে ফেলবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেব মিটিংয়ে যদি থাকেন, ঢাকার ছবিও দেখুন, রংপুরের ছবিও দেখুন। আপনাদেরটাও দেখুন।’ পোলো গ্রাউন্ডে ১০ লাখ লোকের সমাগম ঘটানো হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘দেখাব, পোলো গ্রাউন্ডে দেখাব। আপনারা ১০ লাখ মুখে বলবেন, আমরা বাস্তবে দেখাব। খেলা হবে, খেলা হবে। আন্দোলনে খেলা হবে, নির্বাচনে খেলা হবে, আপনারা প্রস্তুত আছেন তো?’ উপস্থিত নেতাকর্মীরা এ সময় হর্ষধ্বনি দিয়ে সমর্থন জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। ভোট জালিয়াতির বিরুদ্ধে খেলা হবে। দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। যারা মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেন, তাদের বিরুদ্ধে খেলা হবে। খেলা হবে ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে, প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে। টাকা ওড়ে আকাশে, টাকা ওড়ে পাড়া-মহল্লায়, টাকার খেলা হবে। খেলা হবে জনগণের সাথে আপনাদের (বিএনপি) সেই সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষকতার বিরুদ্ধে।’
বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়, যাদের হাতে গণতন্ত্র নিরাপদ নয়, যাদের হাতে স্বাধীনতা নিরাপদ নয়, মুক্তিযুদ্ধের মূল্যবোধ নিরাপদ নয়, খেলা হবে তাদের সাথে। সবাই রেডি আছেন?’ নেতাকর্মীরা ‘হ্যাঁ’ বলে ওবায়দুল কাদেরের প্রতি সমর্থন জানান।
বক্তব্য শেষে ঢাকা জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।
সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন বেনজীর আহমদ। সাধারণ সম্পাদক হিসেবে গত কমিটির নেতা পনিরুজ্জামান তরুণ নির্বাচিত হন।