টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। তবে এই সিরিজ থেকে অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ নিজেকে সরিয়ে নিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের একটি সংবাদমাধ্যম।
তরুণদের সুযোগ দিতে ৪১ বছর বয়সী হাফিজের এই সিদ্ধান্ত। হাফিজ নিজের এই সিদ্ধান্তের কথা প্রধান নির্বাচককে জানিয়েছেন।
বাংলাদেশ সফরে হাফিজের জায়গায় অলরাউন্ডার ইফতিখার আহমেদকে নেওয়া হবে বলেও সূত্রের মাধ্যমে নিশ্চিত করেছে পাকিস্তানের ওই সংবাদমাধ্যমটি।
৩১ বছর বয়সী ইফতিখারের পাকিস্তানে দলে অভিষেক ২০১৫ সালে। পাকিস্তানের হয়ে ৩টি টেস্ট ও ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন এ অলরাউন্ডার।
হাফিজ চলতি বিশ্বকাপেও পাকিস্তান দলে নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন। নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে বড় রান করতে না পারলেও নামিবিয়ার বিপক্ষে ১৬ বলে অপরাজিত ৩২ ও স্কটল্যান্ডের বিপক্ষে ১৯ বলে ৩১ রানের ইনিংস খেলেছেন।
১৯ নভেম্বর মিরপুরে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। একই ভেন্যুতে ২০ ও ২২ নভেম্বর পরের দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে ২৬ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৪ ডিসেম্বর।
টেস্ট ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ২০১৬ সালের এশিয়া কাপের পর এই প্রথম বাংলাদেশে আসতে যাচ্ছে পাকিস্তান।