টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে পাঁচ ম্যাচের পাঁচটিই হেরেছে মাহমুদউল্লাহরা। ব্যর্থতার গ্লানি নিয়ে আজ দেশে ফিরবেন তারা। টাইগারদের ফেরার দিনেই বিশ্বকাপ খেলার স্বপ্ন আগলে দেশ ছাড়বে টাইগ্রেসরা। রোমানা-জাহানারাদের গন্তব্য জিম্বাবুয়ে। সেখানে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে নারী দল, যা শুরু হবে ১১ নভেম্বর। পরের দুই ম্যাচ হবে যথাক্রমে ১৩ ও ১৫ নভেম্বর। কুইন্স ক্লাব স্পোর্টস ক্লাবে ম্যাচ তিনটি খেলেই বিশ্বকাপ বাছাইপর্বের জন্য প্রস্তুত হবেন তারা।
আগামী বছর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠবে নিউজিল্যান্ডে। তবে বাছাইপর্ব হবে জিম্বাবুয়েতে। আগামী ২১ নভেম্বর শুরু হতে যাওয়া বাছাইয়ের ‘এ’ গ্রুপে বাংলাদেশের চার প্রতিপক্ষ- পাকিস্তান, জিম্বাবুয়ে, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র। বাছাইয়ের জন্য নিজেদের প্রস্তুত করতে সেরা সুযোগই পেয়েছেন টাইগ্রেসরা। এই মিশনকে সামনে রেখে বৃহস্পতিবার নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেতৃত্বে রাখা হয়েছে নিগার সুলতানা জ্যোতিকে। এই প্রথম দলের অধিনায়কত্ব করার সুযোগ পেয়েছেন তিনি।
বাংলাদেশ নারী দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মুর্শিদা খাতুন, নুজহাত তাসনিয়া, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, নাহিদা আক্তার, সালমা খাতুন, জাহানারা আলম, লতা মণ্ডল, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, খাদিজা-তুল কোবরা, সানজিদা আক্তার; স্ট্যান্ডবাই- শামিমা সুলতানা, সুরাইয়া আজমিম।